বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ, মহান স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন (জেডকেআরএফ)’। এটি মূলত বিএনপি ঘরানার একটি পেশাজীবী, অলাভজনক, সমাজসেবী ও গবেষণামূলক সংগঠন।
জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশনের নবনির্বাচিত সদস্যসচিব এ কে এম গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং অন্যান্য সকল পেশাজীবী মহলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কর্মময় সুদীর্ঘ সময়ের দেশ ও জাতির প্রতি অসীম কৃতিত্ব ও অবদান তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। এ ছাড়া সমাজ ও সকল নিপীড়িত মানুষের কল্যাণ সাধন এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শন ও গবেষণামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশন কাজ করবে।
সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর বনশ্রী রামপুরায় অস্থায়ী আঞ্চলিক কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন (জেডকেআরএফ)’ নামের সংগঠনটির নাম প্রস্তাব করা হয় এবং সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
সভায় চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার জাতীয়তাবাদী নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিতে প্রবীণ রাজনীতিবিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি, বিএনপি নেতা ও জাতীয় নাগরিক ফোরামের চেয়ারম্যান ফারুক আহম্মেদকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। একই সঙ্গে সাবেক যুবদল নেতা, বিএনপি নেতা ও জিয়া কমিউনিটি ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম গোলাম রাব্বানীকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
