জুরাছড়িতে নির্বাচনী দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু


রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ডিউটি পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে সুবেদার এরশাদ আলী (৫৯) ( আনসার সদস্য নং ১৬৩৪৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এসময় অন্যান্য আনসার সদস্যরা তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুবেদার এরশাদ আলী মারা যান।
মারা যাওয়া সুবেদার এরশাদ আলীর বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। তিনি বরকল উপজেলার হাজাছড়া ক্যাম্পে কর্মরত ছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সুবলং হয়ে জুরাছড়ি উপজেলায় গিয়েছিলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙামাটি জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট ( অতিতিক্ত দায়িত্ব) মো. ছোহরাব হোসেন বলেন, মরদেহটি রাঙামাটি কার্যালয়ে আনা হয়েছে। আজ রাতে জানাযা সম্পন্ন করা হবে। এরপর মরদেহটি তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।৷ তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে আপাতত ধারণা করা হচ্ছে বলে যোগ করেন এ আনসার কর্মকর্তা।

















