জেনেভায় শরণার্থী বিষয়ক ৩ দিনব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু


১৫ ডিসেম্বর থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে শরণার্থী বিষয়ক ৩ দিনব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলন। এই সম্মেলন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আগামীকাল ১৬ ডিসেম্বর স্থানীয় সময় দুপুরে রোহিঙ্গা বিষয়ে অনুষ্ঠিত হবে বহু অংশজনের একটি সাইড ইভেন্ট। এই ইভেন্টে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের গত ৪ বছরের অগ্রগতি তুলে ধরা হবে। এজন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত হয়েছেন। এবারের এই সম্মেলনের নাম গ্লোবাল রিভিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫। যার আয়োজন করেছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
গ্লোবাল রিফিউজি ফোরাম প্রোগ্রেস রিভিউ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। যা একটি বৈশ্বিক সম্মেলন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ সম্মেলন আয়োজন করে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। আর তা হলো- জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহে শরণার্থীদের দুর্ভোগ লাঘব করা। কেবল তাই নয়, আশ্রয়দাতা দেশগুলোর ওপর কীভাবে চাপ কমানো যায়, সে বিষয়েও আলোচনা তুলে ধরা হয়। শরণার্থীদের স্বাবলম্বী হতে সহায়তা করা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাও এই সম্মেলনের উদ্দেশ্য। যেখানে রাষ্ট্র, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা এবং শরণার্থীরা একত্রিত হয়ে প্রতিশ্রুতির মাধ্যমে সমাধান খুঁজে বের করতে চায় ইউএনএইচসিআর।
এই সম্মেলন সম্পর্কে আরো জানা যায়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের অংশীদারত্বে কলম্বিয়া, ফ্রান্স, জাপান, জর্ডান ও উগান্ডা এই অগ্রগতি পর্যালোচনার আয়োজন করে। সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের অর্থায়ন ও সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তথ্যসূত্র : বাংলা ট্রিবিউন অনলাইন

















