২০ দিনে ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। মাছ ধরার ট্রলারসহ আজ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর আগে রবিবার দুটি ট্রলার সহ আরও ১৪ জেলে, শনিবার একটি ট্রলার সহ ১২ জেলে, ১২ আগস্ট ট্রলার সহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে আজ এই পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে আরাকান আর্মি সদস্যরা বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেবার পথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছেন। ওই এলাকায় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের জানিয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
