টানা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়


বড়দিন, সরকারি ছুটি এবং শিক্ষার্থীদের পরীক্ষা শেষ সবকিছু মিলে টানা ছুটিতে পর্যটকরা ছুটে আসছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে। সাজেক এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
পর্যটকদের বাড়তি চাপের কারণে হোটেল-মোটেল রিসোর্টগুলোতে জায়গা সংকুলন হচ্ছে। অনেক পর্যটক অগ্রিম রুম বুকিং না দিয়ে বেড়াতে আসায় চরম ভোগান্তিতে পড়েছে। যে কারণে অনেক পর্যটক স্থানীয়দের বাড়ি, কøাবে রাত কাটিয়েছে। অনেকে আবার হতাশ হয়ে খাগড়াছড়ি জেলা শহরে ফিরেছে।
সাজেকে বেড়াতে আসা ঢাকা থেকে আগত পর্যটক সাইফুল ইসলাম বলেন, পরিবার নিয়ে জীবনে সাজেক আসতে পেরে ভীষণ ভাল লাগেছে। প্রকৃতির এমন রূপ দেখে মুগ্ধ আমরা।
তার স্ত্রী নাজমা আক্তার বলেন, অনেক দিনের প্লান ছিলো সাজেক বেড়াতো আসবো। মনের আশা পূরণ হয়েছে। সাজেকের এমন সৌন্দর্য সত্যিই আগে কখনো দেখনি।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, সাজেকে ১০০টি রিসোর্ট-কটেজে রয়েছে। সেখানে চার হাজারের মতো পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। তবে তার চাইতে বেশি পর্যটক আসায় বিড়ম্বনার শিকার হতে হয়েছে অনেক পর্যটককে। অনেক পর্যটক হোটেল-মোটেলে রুম না পেয়ে স্থানীয়দের বাসা-বাড়ি এবং ক্লাব বিভিন্ন স্থানে কষ্টে রাত পার করেছে শুধু সাজেকের সৌন্দর্য উপভোগ করতে।
সাজেকের হোটেল আল মদিনার মালিক মো. জাফর বলেন, সাজেকে অনেক পর্যটক এসেছে। জায়গা সংকুলন দেখা দিয়েছে। খাবারের হোটেলগুলোতে প্রচুর চাপ রয়েছে, নিঃশ্বাস ফেলা যাচ্ছে না।
খাগড়াছড়ি-সাজেক গাড়ি কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, সমিতির চার শতাধিক গাড়ির শুক্র ও শনিবারের জন্য বুকিং রয়েছে। দীঘিনালা সমিতির গাড়িগুলো প্রায় বুকিং রয়েছে। এ অবস্থায় বাইরের মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলে পর্যটকেরা সাজেকে যাচ্ছেন বলে জানান তিনি।
সাজেক রিসোর্ট এন্ড কটেজ অনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বজন বলেন, সাজেকে বর্তমানে তিন হাজারের অধিক পর্যটক অবস্থান করছে। তিনদিন ধরে সকল রিসোর্ট শতভাগ বুকিং রয়েছে। এ মাসে পুরোপুুরি সকল রিসোর্ট বুকিং থাকবে বলে যোগ করেন তিনি।
ট্যুরিস্ট পুলিশের সাজেক জোনের ইনচার্জ (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, টানা ছুটিতে সাজেকে প্রচুর পর্যটক সমাগম হয়েছে। থার্টি ফাস্ট নাইট ডে উপক্ষ্যে সাজেকে পর্যটকের সংখ্যা বাড়বে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটনকেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টা ট্রুরিস্ট পুলিশের টহল জোরদার রয়েছে।
সাজেক রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলা থেকে এখানে সহজে যাওয়া যায়। ঢাকা অথবা চট্টগ্রাম থেকে প্রথমে খাগড়াছড়ি এরপর খাগড়াছড়ি শহর থেকে চান্দের গাড়ি, জিপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা অথবা মোটরসাইকেল ভাড়া করে ৭০ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে সাজেক ভ্যালিতে পৌঁছাতে হয়।

















