parbattanews

টেকনাফে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-১৫ এর বিশেষ টহল চলাকালে কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। গ্রেফতারকৃতরা মূলত সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের বড় চালান হাতবদলের সময় সশস্ত্র পাহারাদার হিসেবে নিয়োজিত ছিল।

সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

​র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী উত্তর কাঞ্জরপাড়া এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে কাঞ্জরপাড়া এলাকার মৃত মো. রাশেদ ওরফে রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন ওরফে লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)কে আটক করা হয়। আটককালে তাদের হেফাজত হতে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি),৮ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি বড় রামদা উদ্ধার করা হয়।

​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পেশাদার মাদক কারবারি এবং ঘটনার সময় একটি বড় চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। উল্লেখ্য যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা ও অপরাধের রেকর্ড রয়েছে।

​এ বিষয়ে র‍্যাব-১৫ এর দায়িত্বরত কর্মকর্তা জানান, “পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা বা মাদক পাচারের সুযোগ না পায়, সেজন্য বিশেষ টহল জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি বড় চালানের পাহারাদার হিসেবে কাজ করছিল। তাদের পলাতক সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version