টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে পৌনে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২


কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাইটংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট লক্ষ্য করেন কোস্ট গার্ড সদস্যরা। বোটটি থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকালে পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয় এবং বোটের সঙ্গে থাকা দুই মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধ ও চোরাচালান দমনে কোস্ট গার্ডের এ ধরনের কড়া নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















