টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের অভিযানে ১৫ ভুক্তভোগী উদ্ধার


কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের কবল থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাব।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার চিহ্নিত মানব পাচারকারী মোঃ আব্দুল আলী তার বাড়ির একটি গুদাম ঘরে বেশ কিছু মানুষকে আটকে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং র্যাবের একটি দল ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে।
তল্লাশি চালিয়ে ওই গুদাম ঘর থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা ১৫ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র তাদের উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়েছিল। কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, মানব পাচার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















