parbattanews

টেকনাফে গভীর রাতে বসতবাড়ি ভস্মিভূত: ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

10933156_809969162406936_297979542_n

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে গভীররাতে একটি বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাড়ির মালিকপক্ষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার লাল মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ২টার দিকে বাড়ির মালিক মৃত আবদুল মোনাফের ছেলে লাল মোহাম্মদকে ৪ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ মডেল থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তাকে থানায় নিয়ে গিলে তার স্ত্রী জহুরা বেগমও থানায় চলে যায়। এর কিছুক্ষণ পর বসতঘরে আগুনের লেলীহান দেখতে পেয়ে হৈচৈ শুরু করে এবং এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

পরে টেকনাফ ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। ততক্ষণে বাড়িটি ভস্মিভূত হয়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে।

এদিকে উক্ত ঘটনায় লাল মোহাম্মদের স্ত্রী জুহুরা খাতুন একটি অভিযোগ থানায় দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে যোগাযোগ করা হলে মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার ইয়াবাসহ লাল মোহাম্মদকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে মর্মে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version