কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড এবং বিজিবি। অভিযানে ইয়াবা পাচারের অভিযোগে এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে টেকনাফের লেদা লামারপাড়া এলাকায় র্যাব ও কোস্ট গার্ডের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি বুলেটপ্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা হোয়াইক্যং চেকপোস্টে অন্য একটি সফল অভিযান পরিচালনা করে। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশিকালে বিজিবির প্রশিক্ষিত ডগ ‘হেনরি’ ব্যাটারির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা শনাক্ত করে। এসময় মাদক পাচারের অভিযোগে সিএনজি চালক মো. সাইদ আলমকে (১৯) আটক করা হয়। আটক সাইদ টেকনাফের পুরাতন পল্লানপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছে যে, সে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাচ্ছিল। জব্দকৃত মাদক ও সিএনজিসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উভয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
