টেকনাফে বন্দুকসহ ৩ পাচারকারী আটক, ৭ ভুক্তভোগী উদ্ধার


কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযানে দেশীয় বন্দুকসহ ৩ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর দুপুরে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে।
কোস্টগার্ড জানায়, ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা গহীন পাহাড় সংলগ্ন মারিশবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেওয়া দল ওই এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ৩ জন মানবপাচারকারীকে আটক করতেও সক্ষম হয় কোস্টগার্ড। আটক পাচারকারীদের দেয়া তথ্য অনুযায়ী তাদের আস্তানা থেকে ১টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
কোস্টগার্ড আরো জানায়, পাচারকারীরা বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়-ভীতি দেখানো এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। উদ্ধার ব্যক্তিরা, জব্দ আগ্নেয়াস্ত্র ও আটক অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

















