parbattanews

টেকনাফে মানব পাচারকালে দুই কিশোর উদ্ধার, আটক ১

টেকনাফে চাকরির প্রলোভন দেখিয়ে আনার পর সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারকালে দুই কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

গত সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটক হওয়া রোহিঙ্গার নাম মো. রাসেদ (১৮)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। উদ্ধার হওয়া দুই কিশোর হলেন, কক্সবাজার শহরের লালদীঘির পাড় এলাকার আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সোহেল (১৬)।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানব পাচারকারী একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ খবরে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করে। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা হচ্ছে—এমন তথ্য পেয়ে বিজিবি কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালায়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মানব পাচার চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং উদ্ধার হওয়া দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সোমবার রাতেই তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version