কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে আরাকান আর্মির জিন্মিদশা থেকে পালিয়ে আসা মিয়ানমার সরকারি বাহিনীর তিন সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। যাদের মধ্যে মিয়ানমার পুলিশের দুইজন এবং সেনাবাহিনীর এক সদস্য রয়েছে।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মিয়ানমার সরকারি বাহিনীর এ তিন সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম।
পালিয়ে আসারা হল- বেইন ডে টেট ৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)।
বিজিবির বরাতে ওসি সাইফুল ইসলাম বলেন, সোমবার বেলা ১২ টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার সরকারি বাহিনীর ৩ সদস্য পানির জারের সাহায্যে সাঁতরে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে।
পরে আটকদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা মিয়ানমার পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বলে স্বীকারোক্তি দেয়। এদের মধ্যে দুইজন পুলিশের এবং একজন সেনাবাহিনীর সদস্য। তারা গত ২ বছর ধরে বিদ্রোহী আরাকান আর্মির হাতে আটকের পর থেকে স্থানীয় কাউয়ারবিল ক্যাম্পে জিন্মি অবস্থায় ছিলেন। পরে বিশেষ কৌশলে আটকরা ক্যাম্পটি থেকে বের হয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে।
জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে বিজিবির সদস্যরা আটক মিয়ানমার সরকারি বাহিনীর এ তিন সদস্যকে থানায় হস্তান্তর করেছে বলে জানান ওসি।
ওসি সাইফুল ইসলাম আরো জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
