টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার


কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় আব্দুর রহিম ওরফে রইক্ষ্যা (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রহিম মোছনীর নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বুধবার ১৪ (জানুয়ারি) ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা বিকাশ মোড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের স্ত্রী ছারা খাতুন জানান, মঙ্গলবার রাতে আবদুর রহিম তার এক বন্ধুর ফোন কল পেয়ে ঘর থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফেরেননি। বুধবার সকালে নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় তার লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।
পার্বত্যনিউজের প্রতিনিধি সরেজমিনে গিয়ে জানান, নিহত যুবকের চোখের পাশে গুলির চিহ্ন রয়েছে। লাশের পাশে সড়কে প্রচুর রক্ত বইয়ে যেতে দেখা গেছে। আশেপাশে গুলির খালি খোসা ও পাথর এলোমেলো ভাবে পড়ে আছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মুঠোফোনে ডেকে নিয়ে ক্যাম্পের ভিতর এভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা দুঃখজনক। বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবগত করা হয়েছে।
ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান জানান,’প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজেদের কোন্দলে তাকে হত্যা করেছে। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। থানা পুলিশ পৌঁছলে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর হবে এবং খুনিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।

















