কক্সবাজারের টেকনাফে দশ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামী হাবিবুর রহমান (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। একই অভিযানে ভিকটিম শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার ( ১ জুন ) দুপুরে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, হ্নীলা ইউনিয়নের আলীখালী সাকিনের মাহমুদ আলী ফকিরের বাড়ির সামনের রাস্তায় ১০ বছর বয়সী ওই শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আসামী হাবিবুর রহমান। ওই সময় হ্নীলা বাজার এলাকায় দায়িত্বরত র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি নিয়মিত টহল দল খবর পায় যে, রঙ্গীখালী এলাকায় ধর্ষণ চেষ্টার ঘটনায় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটকে রেখে গণপিটুনি দিচ্ছে। সংবাদ পেয়ে র্যাবের চৌকস আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং আসামীকে নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি ভিকটিম শিশুকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী হাবিবুর রহমান টেকনাফের হ্নীলা ইউপির দরগাপাড়া (৫ নং ওয়ার্ড) গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং বর্তমানে সে একই ইউনিয়নের উলুচামারী আশ্রয়কেন্দ্রের (৬ নং ওয়ার্ড) বাসিন্দা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও নারী-শিশুদের নিরাপত্তায় র্যাবের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
