
টেকনাফ প্রতিনিধি :
সরকারি কাজে গতিশীলতা আনতে টেকনাফে ৩১ দপ্তরের কর্মকর্তাদের হাতে ৩১টি ট্যাবলেট পিসি তুলে দিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দীন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এ ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: রফিক উদ্দীন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের মধ্যে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি, প্রাথমিক ও মাধ্যামিক শিক্ষা, নির্বাচন অফিস, হিসাবরক্ষণ অফিস, কৃষি অফিস, মৎস্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী উন্নয়ন বোর্ড, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস, আনসার-ভিডিপি অফিস, খাদ্য গুদাম অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক অফিস, এলজিইডি অফিস, প্রাণীসম্পদ অফিস, পরিবার পরিকল্পনা অফিস, পরিসংখ্যন অফিস, টেকনাফ থানা, বনবিভাগ, পোস্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, পৌরসভা, উপজেলা রিসোর্স সেন্টার, টেলিফোন এক্সচেজ্ঞসহ ৩১টি দপ্তরে একটি করে ট্যাব তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, রূপকল্প-২০২১ অনুযায়ী ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কর্মসূচির ‘ইনফো সরকার-২’ নামের একটি প্রকল্পের আওতায় কর্মকর্তাদের ২৫ হাজার ট্যাব বিতরণের অংশ হিসেবে টেকনাফে এ ৩১টি ট্যাবলেট পিসি দেওয়া হয়েছে। ট্যাবলেট পিসি ব্যবহার করে একজন কর্মকর্তা প্রয়োজনে অফিসের বাইরে থেকেও দাপ্তরিক কাজগুলো এগিয়ে নিতে পারবেন এবং কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। জাতীয় ডেটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার নির্মাণ ও বাংলাদেশ সচিবালয়ে ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রমও এ প্রকল্পের অন্তর্ভূক্ত।