parbattanews

টেকনাফে ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (অব.) স্মরণে নির্মিত “সিনহা স্মৃতিফলক” উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে বিজিবি কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত স্মৃতিফলকের উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

 

২০২০ সালের ৩১ জুলাই মধ্যরাতে টেকনাফের বাহারছড়ার শ্যামলাপুরে মেজর সিনহা নিহত হন। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫১তম বিএমএ লং কোর্সের কর্মকর্তা।

 

১৯৮৪ সালের ২৬ জুলাই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করা মেজর সিনহা সেনাবাহিনীতে যোগ দেন ২০০৩ সালে এবং ২০০৪ সালে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি দক্ষ ও উদ্ভাবনী সেনা কর্মকর্তা ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরিকোস্টে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্য ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি, জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাবের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে মেজর সিনহার আত্মত্যাগ স্মরণ করা হয় এবং পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

 

Exit mobile version