parbattanews

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী-পুরুষ পাচারকারী আটক

টেকনাফের শাহপরীর দ্বীপে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

ধৃত পাচারকারীরা হচ্ছে লালমানিরহাটের হাতিবান্ধার কেকতি বাড়ির মৃতঃ আজ্জেবের পুত্র রাশেদ (৪০) ও সাবরাংয়ের মিস্ত্রি পাড়ার রাশেদের স্ত্রী রেজিনা বেগম। শনিবার (১২ জুলাই) রাতে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফের বড় ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় ১টি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ইজি বাইকটি থামিয়ে তল্লাশী করে।

এসময় প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৪’শত টাকাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version