কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানাধীন দরগারছড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ সদরের লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া) এলাকার শমসু মিয়ার ছেলে মোঃ আজিজ খান (২৩) এবং হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (লেদা) ব্লক-এইচ/৩-এর বাসিন্দা মৃত হোসেন আহমেদের ছেলে রোহিঙ্গা নাগরিক নুরুল আমিন (৩৪)।
র্যাব জানায়, মঙ্গলবার সকালে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় অবস্থান করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ সদর ইউপির দরগারছড়াস্থ সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের পাকা রাস্তা দিয়ে যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সকাল সোয়া ৯টার দিকে ওই স্থানে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব।
পানিরছড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে দুজনকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাদের থামানোর সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি থামিয়ে আরোহীরা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা আসামি নুরুল আমিনের ডান হাতে থাকা একটি হলুদ শপিং ব্যাগের ভেতর থেকে নিখুঁতভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে র্যাব দেশব্যাপী নিয়মিত মাদকবিরোধী জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
