কক্সবাজারের টেকনাফে একটি মিনি পিকআপের তেলের ট্যাংকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২৮ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় চলাচলকারী একটি সন্দেহজনক মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালান কোস্ট গার্ড সদস্যরা। এ সময় পিকআপটির তেলের ট্যাংকের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারের অভিযোগে গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং পাচারে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা, পিকআপ এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
