টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে আটক ১২


মিয়ানমারে পাচারের সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ফিশিং বোট তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৭ হাজার ৫০০ কেজি মটর ডাল, ১ হাজার কেজি পেঁয়াজ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
অপরদিকে, একই দিনে দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কেরুনতলী সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি সন্দেহভাজন সিএনজি তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও কোস্ট গার্ড জব্দ করেছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে নিত্যপণ্য দেশের বাইরে পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















