parbattanews

টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক ঘটনায় ৩টি অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দুটি পৃথক ভাবে সমুদ্র থেকে তিনটি অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে, অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর গাছ ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুর ও বিকেলের দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সাগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে।

এদিকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভারী বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের ওপর গাছ ধসে পড়ে তিনজন আহত হয়েছে।  টেকনাফ হাইওয়ে সড়কে ভারী বৃষ্টিপাতের সময় একটি দাঁড়িয়ে থাকা টয়োটা মাইক্রোবাসের ওপর বিশাল আকৃতির গাছ ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া বটতলীর বাসিন্দা মোহাম্মদ হক ও সালা উদ্দিনের নাম জানা গেলেও আহত চালকের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী মাইক্রোবাসটিকে প্রথমে একটি পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় সড়কের পাশে থেমে থাকে। এর প্রায় ১০ মিনিট পর টানা ভারী বৃষ্টির কারণে সড়কের পাশে থাকা একটি বড় গাছ মাইক্রোবাসটির ওপর ভেঙে পড়ে।

এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন আহত হন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সড়ক থেকে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি থানায় নিয়ে আসে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

Exit mobile version