টেকনাফ সীমান্তে গুলি ও মাইন বিস্ফোরণে আহতদের পাশে জেলা প্রশাসন


কক্সবাজারের টেকনাফ সীমান্তে সাম্প্রতিক সহিংসতায় গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারি) জেলা প্রশাসকের পক্ষ থেকে এই দুই পরিবারকে নগদ অর্থ সহায়তার চেক প্রদান করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমামুল হাফিজ নাদিম ভুক্তভোগী গুলিবিদ্ধ আফনানের পিতা জসিম উদ্দিন এবং অপর আহত হানিফের পরিবারের হাতে এই সহায়তার চেক তুলে দেন। এ সময় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পরিবারকে মোট ৮০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ শিশু আফনানের পরিবারকে ৫০ হাজার টাকা এবং মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পাশাপাশি কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকেও এই দুই পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। জেলা পরিষদ থেকে প্রতিটি পরিবারকে আরও ৩০ হাজার টাকা করে প্রদান করা হবে, যা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
চেক প্রদানকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হলো। ভবিষ্যতেও এই পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতির কারণে এই দুই ব্যক্তি গুরুতর আহত হন, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশাসনের এই পদক্ষেপে ভুক্তভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

















