parbattanews

ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত।

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাকারীর জন্য ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, দলীয় সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। ট্রাম্পকে হত্যা করতে সক্ষম যে ব্যক্তি বা গোষ্ঠী হবে, তাকে এ পুরস্কার দেওয়া হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের নির্দেশে এ কাজটি করা হলেও পুরস্কার প্রযোজ্য থাকবে।

গোষ্ঠীটির দাবি, তারা ট্রাম্পকে বিজ্ঞানী ও শিশুদের হত্যার জন্য দায়ী মনে করে। তাদের ভাষ্য অনুযায়ী, ‘বিশ্বের মুক্ত মানুষ’ তাকে শান্তিতে থাকতে দেবে না এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া তাদের জন্য ‘বাধ্যতামূলক অঙ্গীকার’।

অন্যদিকে, গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন। ওই মন্তব্যের পরই ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণার ঘটনা সামনে আসে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় ইরানে ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে, যার লক্ষ্য দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করা।

অপরদিকে, ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে, হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

Exit mobile version