ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে ঋতুপর্ণা চাকমার সাক্ষাৎ



ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি শুভকামনা জানিয়ে রিতু পর্ণা ও তার সতীর্থদের সফল অংশগ্রহণ কামনা করেন। দলের অন্যতম তারকা খেলোয়াড় রিতু পর্ণা চাকমা সাক্ষাতে তারা বাংলাদেশের প্রস্তুতি, দলীয় লক্ষ্য এবং টুর্নামেন্টে সাফল্যের প্রত্যাশা নিয়েও আলোচনা করেন।
ঋতুপর্ণা চাকমার এই উপস্থিতি ঘিরে অস্ট্রেলিয়ান হাইকমিশনে ৫ নভেম্বর এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং হাইকমিশনার ও অন্যান্য কর্মকর্তারা রিতুর সঙ্গে গ্রুপ ছবি তুলেন। যা হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা মেয়েদের অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক। তিনি দেশের অসংখ্য তরুণী ও ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন দেখাচ্ছেন, কীভাবে প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। দৃষ্টিনন্দন খেলা, নির্ভরযোগ্য পারফরম্যান্স আর নেতৃত্বগুণে—প্রতিনিয়তই আস্থার প্রতিদান দিচ্ছেন ঋতুপর্ণা। সংসারে দুর্ভাবনা, পারিবারিক অসুস্থতা, সামাজিক সংকীর্ণতা—সবকিছু ডিঙিয়ে আজ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বে পৌঁছেছেন ঋতুপর্ণা, তা শুধু একজন খেলোয়াড়ের নয়, এক নারীর, এক পাহাড়ি মেয়ের—নিজেকে নিজেই গড়ার সিনেমাটিক এক গল্প।
জানা যায়, আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। এএফসি উইমেন্স এশিয়ান কাপ সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী দলের বিপক্ষে। এ ছাড়া টুর্নামেন্টে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে সিডনিতে, একটি পার্থে।
আগামী বছরের ৩ মার্চ এএফসি এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। গ্রুপের আরেক দল উজবেকিস্তানের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১১ সালে ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের সেই বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে।
বাংলাদেশের সামনে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ রয়েছে। নারী এশিয়ান কাপের শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে ফিফা নারী বিশ্বকাপে। সেমিফাইনালে ওঠা ৪ দল এবং কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দলের মধ্যে প্লে-ইনে জয়ী দুই দল সরাসরি সুযোগ পাবে বিশ্বমঞ্চে। আর প্লে-ইনে হারা দুই দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ থাকবে। কোয়ার্টারের ৮ দল ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব খেলার সুযোগও পাবে।
নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে শীর্ষ দুটি করে দল সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তিন গ্রুপ থেকে সেরা তিনটি তৃতীয় দল থেকে দুটি দল সুযোগ পাবে শেষ আটে। আগামী বছরের ১৩ মার্চ থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মার্চ।
টুর্নামেন্ট সম্পর্কিত তথ্যসূত্র : সময়নিউজটিভি.কম
















