ভারী বৃষ্টিতে বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বান্দরবানের থানচি উপজেলার টিএন্ডটি পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে দিনব্যাপী বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাটালিয়নের আবাসিক চিকিৎসক মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবিলা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
