আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী শুক্রবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন থানচিতে। এই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে এলাকাবাসীকে অবহিত করবেন। এছাড়াও থানচি উপজেলায় বিএনপির কার্যালয় উদ্বোধনের কথাও রয়েছে।
ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী সফর কেন্দ্র করে থানচি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আমাদের থানচি প্রতিনিধি জানান, সাচিংপ্রু জেরীর ২১ ও ২২ নভেম্বরের সফরে তিনি থানচি উপজেলার সব সম্প্রদায়ের সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ করবেন। বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করবেন বলেও জানা যায়।
বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বিএনপি থানচি উপজেলা সাবেক সভাপতি খামলাই ম্রো বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করা এবং রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা বলেন, বান্দরবানের থানচি উপজেলা মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের নেতার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাদের নেতাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, আমরা এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ অধিকার প্রতিষ্ঠা ঘটাতে কাজ করব।
জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য মংশৈম্রাই মারমা বলেন, আমরা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে বিএনপিকে অবশ্যই ভোট দিয়ে জয় যুক্ত করার ছাড়া বিকল্প নেই। বান্দরবানের আসনটি দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এর আগে লামা ও আলীকদম দুই উপজেলা সফর করেছেন সাচিংপ্রু জেরী।
