parbattanews

থানচিতে শুরু হলো স্মাট কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড” বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলায় উৎসবমুখর পরিবেশে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে থানচি সদর ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় “কৃষক তথ্য সংগ্রহ অ্যাপস” ব্যবহার করে কৃষকদের তথ্য অনলাইনে নিবন্ধন করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেনসহ অধিদপ্তরের সকল কর্মকর্তাদের সমন্বয়ের এক যোগে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।

তথ্য সংগ্রহের প্রথম দিনের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, এ সময় কৃষি বিভাগের  উপ-সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত,উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংবাই মারমা,উপ-সহাকারী কৃষি কর্মকর্তা মংচিংপ্রু মারমা, বিপ্লব মারমা,অনুজিত দাশ গুপ্ত,সহ অনেকে অংশ গ্রহণ করেন।

তথ্য সংগ্রহের উদ্বোধনী সময় কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন সাংবাদিকদের বলেন, কৃষি মন্ত্রণালয়ে গত ১৪ জুলাই অনুষ্ঠিত স্মাট কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির” দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব উপজেলায় একযোগে কৃষক কার্ড বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করা হয়েছে। সেই অনুযায়ী থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নের সদর ব্লক থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ব্লকেও কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, “কৃষক তথ্য সংগ্রহ অ্যাপস”-এর মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে কৃষক কার্ড প্রদান করা হবে। তাই সকল কৃষককে সঠিক তথ্য দিয়ে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কৃষি বিভাগের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। কৃষকরা মনে করছেন, কৃষক কার্ড চালু হলে সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন সেবা আরও সহজে পাওয়া যাবে।  প্রথম দিনের থানচি হেডম্যান পাড়া ১২০ পরিবারের সকল সদস্যের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

Exit mobile version