parbattanews

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ মোঃ মিজানুর রহমান (৬১) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

১৫ জুলাই সকালে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান-এর কাছে গোপন তথ্য আসে যে, দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়। আনুমানিক সকাল ১১৪০ টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে আসলে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাকে থামায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তার ব্যবহৃত DY-50 মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে মোঃ মিজানুর রহমান। আটককৃত ব্যক্তিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version