জাহেদ উর রহমান ভারতের দিল্লিতে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তার সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও তিনি নিজেই ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল।
মঙ্গলবার (২৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত ১৪ জুন পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর সিনিয়র কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে যোগ দেওয়াই ছিল তার এই সফরের উদ্দেশ্য।
রণধীর জয়সওয়াল আরও বলেন, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তিনি উক্ত বহুপক্ষীয় বৈঠকে যোগ দিতে আসার উদ্দেশ্যটি পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, তবে অনুমতি পাওয়ার পরও তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ১৪ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে যান। সেখানে তাকে ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয়। দীর্ঘ সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত ঢাকায় ফিরে আসেন।
