parbattanews

দীঘিনালায় আড়াই হাজার বন্যার্ত পরিবার পেল জেলা পরিষদের ত্রাণ

টানা বর্ষণ ও উজানি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা উপজেলার আড়াই হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ঘুরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেউ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু), দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

Exit mobile version