দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম করুণা চাঁন বাঙ্গালী কার্বারী পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে দীঘিনালা জোনের সহযোগিতায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন।
জানা যায়, দুর্গম পাহাড়ি এই এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানির সংকট ছিল। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিন দূরবর্তী ঝিরি ও পানির উৎস থেকে পানি সংগ্রহ করতে হতো।
এ দুর্ভোগের খবর পেয়ে দীঘিনালা জোনের সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়। ফলে এখন এলাকার প্রায় ১০৫টি পরিবারের প্রায় সাড়ে ৩৫০ জন মানুষের নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যসহ প্রায় ৫০ থেকে ৬০ জন স্থানীয় বাসিন্দা।
এ ব্যাপারে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার এবং সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করছে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে বিশুদ্ধ পানির মতো গুরুত্বপূর্ণ সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সেনাবাহিনী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখছে।
