
উপজেলা প্রতিনিধি, দীঘিনালা:
দীঘিনালার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। টানা তিন দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে দীঘিনালা উপজেলার সাথে-রাঙ্গামাটি জেলার লংগদু সড়কে যানচলাচল শুরু হয়েছে।
তবে এখনও ১০টি গ্রামের প্রায় হাজার খানেক পরিবার পানিবন্দি রয়েছে। বিভিন্ন আশ্রয় শিবিরে শতাধিক পরিবার অবস্থান করছে। বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে।
এদিকে পানি নামতে শুরু করায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
সরেজমিন এলাকা ঘুরে দেখা গেছে, খাগড়াছড়ি জেলার শস্যভাণ্ডার নামে খ্যাত দীঘিনালা উপজেলার বিশাল এলাকাজুড়ে বন্যায় প্লাবিত হওয়ার এক সপ্তাহ আগেও ছিল আমন ধানের বীজতলা, সবজিক্ষেত ও পুকুর ভরা মাছ। কিন্তু এখন এখানে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। যে সড়ক ও ব্রিজের ওপর দিয়ে চলত
যানবাহন, সেখানে এখন চলছে নৌকা। তবে বেশকিছু এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছ।
মঙ্গলবার দুপুর থেকে পানি নামতে শুরু করায় বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। কিন্তু বন্যা কবলিত এলাকাগুলোতে কোনো মেডিকেল টিম না পাঠানোয় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।