parbattanews

দীর্ঘ ৮৮ বছরের অপেক্ষার অবসান, আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

ছবি সংগৃহীত।

বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছরের জয়ের খরা কাটিয়ে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে শেষ ৩২-এর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইসরা।

এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে টানা সাতটি ম্যাচে পরাজয়ের হতাশা সঙ্গী ছিল সুইজারল্যান্ডের। অবশেষে সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে ১৯৩৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচে জয়ের স্বাদ পেল তারা।

সুইজারল্যান্ডের হয়ে দুটি গোল করেন ব্রিল এম্বোলো ও নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ড্যান এনদয়।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আলজেরিয়া। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেয় সুইস রক্ষণভাগ। এরই সুযোগে ম্যাচের ১০ মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে প্রথম গোল করেন এম্বোলো।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ৪৬তম মিনিটে ড্যান এনদয়ের দারুণ এক গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মুরাত ইয়াকিনের দল।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আলজেরিয়া। তবে সুসংগঠিত সুইস রক্ষণভাগের সামনে তাদের সব আক্রমণ ব্যর্থ হয়।

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু বদলি খেলোয়াড় ফ্যাবিয়ান রিডার গোললাইনের কাছ থেকে সহজ সুযোগ নষ্ট করেন। তবু পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে সুইসরা।

৮৮ বছরের নকআউট-অভিশাপ কাটিয়ে দারুণ আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড আগামী মঙ্গলবার ভ্যাঙ্কুভারেই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কলম্বিয়া অথবা ঘানার।

Exit mobile version