parbattanews

দুই তিন দিনের মধ্যে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষেরা বাড়িতে ফিরবে : প্রতিমন্ত্রী অনিন্দ্য

দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষেরা বাড়িতে ফিরবে।
রোববার (১২জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত রাঙামাটির বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক ভাবে যারা ক্ষতি হয়েছে বিশেষ করে কারো ফসলের ক্ষতি হয়েছে, কারো গবাদি পশুর ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিয়ে স্বাভাবিক জীবনে কিভাবে ফিরিয়ে নেওয়া যায় সেই দায় রয়েছে। কারণ এ সরকার নির্বাচিত সরকার। জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্থ পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সকল বিভাগ, জনপ্রতিনিধিরা কাজ করছে। ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সরকারের দেওয়া সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসময় রাঙামাটির দুর্গত মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এসময় রাঙামাটি আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version