বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত রামকিল বম (৭৪), আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।
মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ গ্রহণ করে। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ২০ জুন বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে উক্ত নারীকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
