দুর্গম পাহাড়ে ভোটের বার্তা দিচ্ছেন ডিসি নাজমা আশরাফী


রাঙামাটির জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে যেতে হলে জুড়াছড়ি উপজেলা থেকে উঁচু-নিচু পাহাড়ি পথ বেয়ে যেতে প্রায় দুই দিন লেগে যায়। আরেকটা পথ আছে কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভেতর দিয়ে। তাতে পথের দৈর্ঘ্য বেড়ে যায় কয়েক গুণ।
পথের এই দুর্গম চরিত্রের কারণে দুমদুম্যা এক রকম বিচ্ছিন্ন জনপদ। সেখানে কখনো ভোটকন্দ্র পরিদর্শনে যাননি রাঙামাটি জেলার কোনো জেলা প্রশাসক।
সোমবার দুর্গম দুমদুম্যা গিয়ে ভোটের বার্তা দিয়ে এলেন, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে ভোটের বার্তা পৌঁছানোর অংশ হিসেবে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্র, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি উপজেলার দুম্যাদুম্যা ইউনিয়নের দুর্গম বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এই হেলিসর্টি এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রথম কোনো জেলা প্রশাসক পরিদর্শন করলেন। এই ভোটকেন্দ্রটি বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কবিহীন।

















