parbattanews

দুর্নীতির দায়ে চীনে দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফু। ছবি: সংগৃহীত।

দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দেশটির সামরিক আদালতের রায়ে বলা হয়েছে, তাদের মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত থাকবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে আমৃত্যু কারাবাসে রূপান্তরিত হবে। তবে তারা সাজা কমানোর আবেদন করতে পারবেন না বা প্যারোলে মুক্তি পাবেন না।

আদালত দুজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সব ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।

ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্থলাভিষ্কৃত লি শাংফুর মেয়াদ ছিল সংক্ষিপ্ত; ২০২৩ সালের আগস্টে হঠাৎ জনসমক্ষে দেখা মেলেনি এবং অক্টোবরে তাকে পদ থেকে সরানো হয়।

চীনের সামরিক বাহিনীতে সম্প্রতি ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিংও জানিয়েছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সেনাবাহিনী এক বিপ্লবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।’

শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বড় ধরনের দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আসছেন। তবে সমালোচকদের মতে, এগুলো কেবল দুর্নীতি দমন নয়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

সূত্র: বিবিসি

Exit mobile version