দুর্নীতি দমন কমিশনের সচিব মো. খালেদ রহীম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তিনি বলেন, সকল মামলার গুনাগুণ বিচার করে ন্যায় বিচারের স্বার্থে যেটাই প্রয়োজন সেইভাবে তদন্ত অনুসন্ধান প্রক্রিয়া চালানো হচ্ছে।
বুধবার (১ জুলাই) বরিশালে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি ।
মতবিনিময় সভায় দুদক সচিব খালেদ রহীম বলেন, দমন মূলক কাজের জন্য আইনশৃঙ্খলাবাহিনী ও আদালত রয়েছে। প্রতিরোধমূলক কাজগুলোতে অনেক বেশি জনসম্পৃক্ততা দরকার সেজন্য আমরা বিভিন্ন জেলা, উপজেলায় যারা শিক্ষিত ব্যক্তিগণ আছে, যারা অবিতর্কিত অবস্থানে রয়েছেন তাদের মাধ্যমে কমিটি করছি। এই কমিটির মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করাসহ নানা কাজ করা হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকারসহ বরিশালের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।
