দুর্বৃত্তদের চোরাগোপ্তা হামলায় রাজধানী জুড়ে জ্বালাও-পোড়াও আতঙ্ক


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পূর্ব মুহূর্তে চোরাগোপ্তা হামলায় রাজধানী জুড়ে জ্বালাও-পোড়াও আত্ঙ্ক সৃষ্টি করছে দুর্বৃত্তরা। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনা ও বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটাতে শুরু করেছে। এদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঠেকাতে রাজধানীসহ সারাদেশের আইনশৃঙখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা ও ঢাকার আশপাশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের খবরে জানা যায়, দুর্বৃত্তরা রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে ১১ নভেম্বর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর রাজধানীর ব্যস্ত এলাকা গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
এদিকে আজ ১২ নভেম্বর বুধবার দুপুরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রী ও পথচারীরা আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করে।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানার সামনে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও ডিএমপি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে, কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি গুরুত্বপূর্ণ স্থাপনার ফটকে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাবি প্রশাসন। জানা যায়, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, চারুকলা অনুষদের তিনটি ফটকের মাঝের ফটক, কার্জন হলের হাইকোর্ট সংলগ্ন ফটক এবং কার্জন হল এলাকার আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনের ফটকে শিকল দিয়ে তালা লাগিয়ে সাদা কাগজে ‘লকডাউন বিএসএল’ লিখে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা দায়িত্ব অবহেলার দ্বায়ে ঢাবির ওইসব ভবনের প্রহরীদের সাময়িক বরখাস্ত করেছে।
এদিকে গাজীপুরে মঙ্গলবার গভীর রাত ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি পৃথক বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া বুধবার (১২ নভেম্বর) সকালে আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এর আগে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি বলছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় তারা সরকারের নির্দেশে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। দুর্বৃত্তদের অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে । পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।
এদিকে মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে ৩ মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর স্বাভাবিক রাখতে বন্দরসংলগ্ন এলাকায় এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গোয়েন্দ সূত্র বলছে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুর্বৃত্তদের গেপ্তার অব্যাহত রেখেছে। পুলিশ জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
ডিবি সূত্র জানিয়েছে, রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে হঠাৎ বেড়েছে চোরাগোপ্তা হামলা। এতে আইনশৃঙ্খলার কিছুটা অবনতি ঘটায় আতঙ্কে রয়েছে শহরবাসী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা করা ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে দুর্বৃত্তরা ঢাকা ও ঢাকার বাইরে ককটেল হামলা ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। সতর্কতার অংশ হিসেবে সব চার্চ, মন্দির, মসজিদসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ১৪২টি স্পটে স্থাপন করা হয়েছে পুলিশের চেকপোস্ট। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

















