দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

fec-image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়ায় বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এই নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে।

শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী অঞ্চলের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি আরো বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। যার ফলে দেশে কোন বেকার থাকবে না।

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেয়ার কথা জানিয়ে ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপি এই জ্যেষ্ঠ নেতা। ধানের শীষকে মানুষের, গণতন্ত্রের মার্কা উল্লেখ করে তার আশাবাদ দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দিবেন।

উক্ত জনসভায় আরো বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, তাদের জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, জেলা উলামাদলের সভাপতি আলী আহসান চৌধুরীসহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ।

এদিকে শনিবার সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমদ। গণসংযোগে তিনি একটি পথসভায় যোগ দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সব ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। দল যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। এ দলের গণতান্ত্রিক ইতিহাস আছে। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই গণতন্ত্র রক্ষা করেছে বিএনপি। এসময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী জয়নাল আবেদী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরীসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারেই প্রথম বারের মতো পিতার জন্য নির্বাচনী মঞ্চে আসলেন সালাহউদ্দিন পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ। সাঈদ ইব্রাহিম আহমদ এসময় সকলের কাছে দোয়া ও পিতার জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান। এতে উপস্থিত হাজার হাজার জনতা সাঈদ ইব্রাহিম আহমদকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন