parbattanews

দোছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নতুন শিক্ষা বছরের পাঠ্যবই নিতে রামু উপজেলার দোছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দিতে হয়েছে বলে অভিযোগ তোলেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতিসেট বই বাবদ ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের ২০ টাকা হারে আদায় করেছেন স্কুল কর্তৃপক্ষ। অথচ এসব বই শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়ার কথা ছিল। তবে অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন অন্য তথ্য।

জানা গেছে, উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি এলাকার বাসিন্দা ও অভিভাবক মনিউল আলম, আবদুল কাদের, জাহাঙ্গীর আলম জানান- তাদের ছেলে-মেয়ে দোছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ১ জানুয়ারী ছেলে-মেয়ে বই আনতে যাওয়ার সময় ২০ টাকা হারে স্কুল কর্তৃপক্ষ নিয়ে যেতে বলেন। এভাবে স্কুলের প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে প্রায় সাত হাজার টাকা উত্তোলন করেছেন। বই বিতরণের সেই অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আহামদ আলী, মো: ইছহাক, ডা: কৃঞ্চ কুমার উপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ আলী জানান, ভোগান্তিতে না পড়ে এবং স্বল্প খরচে ছবি তোলার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়েছিল। তবে সে টাকা বই বিতরণের জন্য নয়।

এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন জানান, বই বাবদ টাকা আদায় অভিযোগটি সত্য নয়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর দুই কপি করে ছবি সংরক্ষণের জন্য ২০ টাকা হারে সংগ্রহ করতে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়। বই বিতরণের দিন স্কুল খোলা থাকায় সে দিনই টাকা নেওয়া হয়েছে। তবে এসব টাকা বইয়ের জন্য নয় বলে তিনি জানান।

অপরদিকে অভিযোগের বিষয়ে রামু উপজেলা শিক্ষা অফিসার মো: ছালামত উল্লাহ’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ‘সরকারি বই বিতরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়ার সুযোগ নেই। তবে মোবাইল ফোনে জনৈক ব্যাক্তি এমন অভিযোগ তাঁকে জানিয়েছেন। তবে সে টাকা বই এর জন্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যেক স্কুলে শিক্ষার্থীদের ছবি সংরক্ষণ করতে হচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version