দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা

fec-image

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত। তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রসর চিন্তার ভিত্তিতে সবক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে ভারত আশাবাদী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

হাইকমিশনার বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

প্রণয় ভার্মা ব‌লেন, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং একই দিনে তাদের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়।

তি‌নি ব‌লেন, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করে ঢাকা সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।

প্রণয় ভার্মা বলেন, এসব উচ্চপর্যায়ের যোগাযোগে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন