ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, ফ্যাসিস্ট আমলের মতো ভোট হবে না। আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনের এই নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই। এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে এসেছে।
কে নমিনেশন পেল, কে পেল না এই নিয়ে চিন্তা না করে বিএনপিকে নির্বাচনে জয়ী করতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

















