ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার পক্ষে ভোট চাইলেন হেমা চাকমা


জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমাকে বিজয়ী করতে ঘোড়া মার্কায় খাগড়াছড়িবাসীর কাছে ভোট চাইলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য খাগড়াছড়ি জেলার পানছড়ির সন্তান হেমা চাকমা । ধর্ম জ্যোতি চাকমার ফেইসবুক পেইজে এক ভিডিওতে হেমা চাকমা এই আহবান জানান।
ভিডিও বার্তায় হেমা চাকমা বলেন, আমার এলাকায় পরিবর্তনের ডাক পৌঁছে দিতে আমিও যাচ্ছি ভোট দিতে। আসছে ফাগুনে পাহাড়ে নতুন বসন্ত আনতে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি সমর্থন করছি ধর্ম জ্যোতি চাকমাকে এবং ঘোড়া মার্কাকে। ১২ তারিখ সাড়াদিন ঘোড়া মার্কায় ভোট দিন।
হেমা চাকমা আরো বলেন, ভোট আপনার অধিকার। আপনার একটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন। কিন্তু অবশ্যই ভোট দিবেন। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার একটি ভোট খুবই জরুরি।
তিনি বলেন, ছোটবেলায় অনেক স্বপ্ন নিয়ে বড় হয়েছি। কিছু স্বপ্ন পূরণ হলেও কিছু স্বপ্ন ঝড়ে গিয়েছে অগোচরে। তবুও নতুন বসন্তের আগমনে নতুন স্বপ্ন বুনছি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটা আশঙ্কা আমাদের মনে চলে আসে গত কয়েক দিন আগে যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের আগে একটা লাইন আমাদের মাঝে উপস্থিত হয়েছিল ‘পাহাড় এবং সমতলে মুক্তি হবে সমান তালে’। দেখা গিয়েছে ৫ই আগস্টের পরে নতুন বাংলাদেশ বা আমরা যেমনটা স্বপ্ন দেখেছিলাম, সেই অভ্যুত্থানের স্বপ্ন আসলে কোথায় গিয়ে ঠেকেছে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেয়েছিলাম পাহাড়ের অনেক মানুষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। পাহাড়ের অসংখ্য মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে এবং দোকান পাট জ্বালিয়ে দেয়া হয়েছে। এতে জনমনে একটাই প্রশ্ন আসে যে, আমাদের কি মুক্তি হয়েছে?

















