parbattanews

নতুন বছরে নতুন বই পেয়ে মহা খুশি শিক্ষার্থীরা

untitled-1-copy

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় নতুন বছরের শুরুতে নতুন বই উৎসব আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবদীনের সভাপতিত্বে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌং, পেকুয়া জিএমসির সাবেক প্রধান শিক্ষক এএম শাহাজাহান। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া আনোয়ারুল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আমিনুর রশিদ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিকবৃন্দ।

এ সময় অতিথিরা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলেই বছরের শুরুতে শিক্ষার্থীরা তাদের নতুন বই পেয়ে যায়। বই নিয়ে শিক্ষার্থীদের আর কোন ধরণের চিন্তা করতে হয় না। নির্দিষ্ট সময়ে ফলাফল প্রকাশ এবং নির্দিষ্ট সময়ে বই উৎসব করে শিক্ষার্থীদের মন জয় করেছে সরকার। শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে মহা খুশিতে মেতে উঠে। কচিকাঁচা শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুবই আনন্দিত।

পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন।

এদিকে পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সিহাব উদ্দিন নতুন বছরের নতুন বই পেয়ে মহা খুশি হয়ে নতুন বইয়ের মলাট থেকে ঘ্রাণ নিচ্ছে। তার এক প্রতিক্রিয়ায় সে বলে বইগুলো থেকে খুব সুগন্ধি পাচ্ছি।

Exit mobile version