রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।
বুধবার (১০ জুলাই) বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করেন, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা।
এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০২ জুলাই প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাহিত হয়ে নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যায়। ওই দিন স্কুল থেকে ফিরার পথে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে নদীতে ডুবে মারা যান সপ্তম শ্রেণীর ছাত্র কৃতিত্ব চাকমা এবং ০১ জুলাই উপজেলার বালুখালী এলাকায় নদীর পানিতে ডুবে সুহামনি চাকমা নামের এক শিশু মার যান।
