parbattanews

নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

৪মে (সোমবার) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার খাল পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইক্ষ্যংছড়ি খালের পুনঃখনন কাজের উদ্ভোধন করেন, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে পাহাড়ি ঢলের পানি ধরে রাখা, সেচ সুবিধা বাড়ানো এবং শুষ্ক মৌসুমে পানীয় জলের সংকট কমাতে বান্দরবান জেলায় এই খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছি।

নতুন করে খনন ও পাড় বাঁধাই করলে বর্ষায় ভূমিধসের ঝুঁকি কমবে। মার্চ মাস এলেই কয়েক কি:মি: দূরে ঝিরি থেকে পানি আনতে হয়। খাল কাটা হলে পাড়ের কাছেই পানি থাকবে,পাহাড়ের পানি পাহাড়েই ধরে রাখতে পারলে বান্দরবানের কৃষি, পর্যটন আর জনজীবন – সবই নতুন গতি পাবে বলে মনে করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মাজহারুল ইসলাম, বান্দরবান জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাচৈ প্রু, সাবেক উপজেলার চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে তিনি উপজেলা মিলনায়তনে এলাকার হেডম্যান, কারবারী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এলাকার বিভিন্ন সমসাময়িক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

Exit mobile version