বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ২৪ জুলাইয়ের বিভিন্ন স্মৃতিচারণ করা হয় এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নুর ছাদেক অভিযোগ করে বলেন, সক্রিয় আন্দোলনে অংশগ্রহণের পরও আজকে আমাকে শিবির ট্যাগ দিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য থেকে বাদ দেওয়া হয়েছে। ১৬ জুলাইকে আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান তিনি।
জামায়াত নেতা রফিক আহমদ বলেন, আজকের দিনেও সাধারণ জনগণ বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি ২৪-এর আন্দোলন, বীর মুক্তিযোদ্ধাসহ সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি ষড়যন্ত্রকারীদের প্রতি প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, শহীদ দিবসে সরকারি হিসাবে ৮০০ শহীদ, জাতিসংঘের হিসাবে ১,৪০০ জনের মতো শহীদের বিনিময়ে অর্জিত জুলাইকে আমি-সহ সকলের মনে-প্রাণে ধারণ করা উচিত।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান সভাপতির বক্তব্যে বলেন, ২৪-এর শিক্ষা হলো বৈষম্যহীন বাংলাদেশ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে একমত পোষণ করছি। আজকের দিনেও আমরা নানা বৈষম্যের শিকার। আমরা যারা বিভিন্ন সেবাদাতার চেয়ারে আছি, তারা নিজেদের সেবাপ্রার্থীদের কাতারে বিবেচনা করে প্রশাসনের সকলের কাজ করা উচিত।
জুলাইয়ের চেতনা যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাক। আজকের দিনে ২৪-এর আন্দোলনের সকল শহীদ, আহত ও নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব আবু তাহের নোমানি।
এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্রদল নেতা শাহাদাত হোসেনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
