parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল গুলিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন রোহিঙ্গা যুবক রয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মো. ফারুক (২১) নামে এক রোহিঙ্গাসহ ২ জনকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ফারুক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নাইক্ষ্যংছড়ির চাকডালা বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলম (৩০) নামে আরও একজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, ‘আয়াতুল্লাহ’ নামে এক ব্যক্তির নির্দেশে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্রগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

বর্তমানে আটকরা বিজিবির হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্তে অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version